ইউক্রেনের সাথে তৃতীয় দফা অলোচনার জন্য রুশ প্রতিনিধিদল মস্কো থেকে বেলারুশে রওয়ানা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল এই তৃতীয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে এর আগে বেলারুশে উভয়পক্ষ আরও দুদফা বৈঠক করেছে।
এর আগে বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই। তবে দেশ দুটির মধ্যে প্রথম বৈঠকটি হয় ইউক্রেন-বেলারুশ সীমান্তে। সেসময় কোনও ধরনের চুক্তি ছাড়াই ওই বৈঠক শেষ হয়।
পরে গত বৃহস্পতিবার আবারও বৈঠক হয় দুপক্ষের। উভয়পক্ষ বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে ‘মানবিক করিডোর’ নির্মাণে সম্মত হয়। পাশাপাশি একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য আগামীতে উভয়পক্ষ আবারও বৈঠকে বসার কথা জানায়।
ইউক্রেনের যেসব জায়গায় যুদ্ধ চলছে সেখান থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার সুযোগ তৈরির জন্য মানবিক করিডোর খোলার ব্যাপারে গত সপ্তাহের বৈঠকে মীমাংসা হয়। কিন্তু সেই করিডোর নিশ্চিত করতে যে সাময়িক যুদ্ধবিরতি দরকার তা পালন না করার জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করছে।
রাশিয়া বলছে তারা মোট ছয়টি মানবিক করিডোর খুলেছে, কিন্তু ইউক্রেন সরকার অভিযোগ করছে এসব করিডোরের সবই রাশিয়া এবং বেলারুশ-মুখী।