সেশনজট নিরসন ও শিক্ষক নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। এতে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফলে বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে জটের জাদুঘর পরিসংখ্যান বিভাগ, নিয়মিত ক্লাস-পরীক্ষা চাই, সেশনজট মুক্ত বিভাগ চাই, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক চাই প্রভৃতি স্লোগান সম্বলিত প্লেকার্ড দেখা যায়। শিক্ষার্থীরা দ্রুত শিক্ষক নিয়োগের মাধ্যমে সেশনজট নিরসনের দাবি জানান। পরে তারা একই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেন।
এদিকে বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে বিভাগে সাতটি শিক্ষাবর্ষের কার্যক্রম চলমান রয়েছে। তবে বিভাগের এগারো জন শিক্ষকের মধ্যে মাত্র পাঁচ জন ক্লাস নেন। বাকিরা শিক্ষা ছুটিতে দেশের বাইরে রয়েছেন। ফলে শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়ে সেশনজট তৈরি হচ্ছে।
এ বিষয়ে বিভাগীয় সভাপতি ড. মাহাবুবুর রহমান বলেন, 'বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে এর আগেও কথা বলেছি। প্রশাসন শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরিসংখ্যান বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন। আমি চাই নূন্যতম সময়ের মধ্যে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হোক।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, 'বিষয়টি উপাচার্য মহোদয়কে অবহিত করেছি। শিক্ষক স্বল্পতায় সৃষ্ট সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।'