চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যৌথকলে কথা বলবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। ইউক্রেন ইস্যুতে আজ মঙ্গলবার (৮ মার্চ) এই তিন নেতার মধ্যে কথা হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এই উদ্যোগ রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে চীনের ওপর ইউরোপীয় নেতাদের চাপ বৃদ্ধির ইঙ্গিত।
এর আগে গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর দ্বিতীয়বারের মতো কথা বলেছেন।
তাদের কলের রিডআউট অনুসারে, বোরেল ওয়াংকে 'লড়াই বন্ধ ও সংলাপকে সমর্থন করার জন্য চীনের প্রস্তুতি' সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠার জন্য সমর্থনের বিষয়েও জিজ্ঞেস করেছিলেন।
চীন ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে 'দুঃখ' প্রকাশ করেছে। তবে মস্কোর নিন্দা বা বিরোধিতা করার মতো কিছু করেনি। বিবিসি, আল জাজিরা।