ভিয়েতনামে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সোমবার (৭ মার্চ) স্থানীয় সময় দিবসটি পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালন শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ ও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে রাষ্ট্রদূত সামিনা নাজ সমবেত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে বাংলাদেশের ইতিহাসে এ দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বের কথা তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। 

উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ভিয়েতনামের সরকার ও জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভিয়েতনামী ভাষায় অনুবাদ করে একটি বই প্রকাশ করে। 

06

ভিয়েতনামে করোনা মহামারিতে নিষেধাজ্ঞা থাকায় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দিবসটি স্বল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশি, দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গের উপস্থিতিতে দূতাবাসে উদযাপন করা হয়। 

পরিশেষে ৭ মার্চের ভাষণের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।