করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করেছিলো ভারত। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
মঙ্গলবার (৮ মার্চ) ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, বিশ্বজুড়ে টিকাদানের আওতা বৃদ্ধি পাওয়ায় এবং অংশীদারদের সঙ্গে পরামর্শের পর সরকার নির্ধারিত বাণিজ্যিক আন্তর্জাতিক যাত্রী পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
এয়ার বাবল চুক্তি অনুযায়ী, বর্তমানে বিশ্বের অল্প কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবস্থাপনায় ফ্লাইট পরিচালনা করছে ভারত। দেশটির বেসামরিক পরিবহনমন্ত্রী জোতিরাদিত্য সিনদিয়া জানান, আগামী ২৭ মার্চের পর এই এয়ার বাবল ব্যবস্থা আর সচল থাকছে না।
করোনাভাইরাস মহামারির ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ২০২০ সালের মার্চ থেকে ভারতে যাত্রীবাহী ফ্লাইটের চলাচল স্থগিত করা হয়। তবে এয়ার বাবল চুক্তির আওতায় ওই বছরের জুলাইয়ে পুনরায় আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।
ওই সময় বাংলাদেশসহ অন্তত ৪০টি দেশে এয়ার বাবল চুক্তি মেনে বিমান চলাচল চালু করে ভারত। এয়ার বাবল ব্যবস্থাপনার আওতায় আন্তর্জাতিক যাত্রী পরিবহনকারী ফ্লাইটগুলো সদস্য দেশের নিজ নিজ বিমান সংস্থার মাধ্যমে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে একে অপরের অঞ্চলে যাত্রী পরিবহন করে থাকে।