প্রথম লেগে সালজবুর্গের এমন পারফরম্যান্সের পর কে ভেবেছিল তারা ফিরতি লেগে কোনো প্রতিরোধই গড়তে পারবে না। কিন্তু ফুটবল যে অনিশ্চিয়তার খেলা। প্রথম লেগে নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। অথচ ফিরতি লেগেই কি না ৭-১ গোলের বড় ব্যবধানে উড়ে গেলো।
মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ সময় মধ্যরাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে ফিরতি লিগে সালজবুর্গকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে গোলের ব্যবধান দাঁড়ালো ৮-২। এই জয়ের মধ্য দিয়ে সবার আগে শেষ আট বা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করলো জার্মান জয়ান্টরা।
ম্যাচের মাত্র ২৩ মিনিটেই হ্যাটট্রিক করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। জোড়া গোল করেছেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলার। বায়ার্নের হয়ে বাকি দুটি গোল করেন লিরয় সানে ও সার্জ নাব্রি। আর সালজবুর্গের হয়ে একমাত্র সান্তনাসূচক গোলটা করেন মরিৎজ কায়েরবার্গের।
এদিন প্রথম থেকেই আক্রমণের পর আক্রমণ করা শুরু করে বায়ার্ন। ১২ ও ২১ মিনিটে দুটি পেনাল্টি পায় তারা এবং সেগুলোতে গোল আদায় করেন লেভানডভস্কি। এর দুই মিনিট পরই মুলারের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডভস্কি।
৩১ মিনিটে সালজবুর্গের জালে গোল সংখ্যা এক হালি পূর্ণ করেন সার্জ নাব্রি। কিংসলে কোমানের পাস থেকে গোল আদায় করতে সমস্যা হয়নি এই জার্মান উইঙ্গারের। দ্বিতীয়ার্ধের ৫৪ ও ৮৩ মিনিটে জোড়া গোল করেন টমাস মুলার। ৮৫ মিনিটে সালজবুর্গের জালে শেষ পেরেকটি ঢুকান লিরয় সানে। তার আগে ৭০ মিনিটের সময় সালজবুর্গের হয়ে সান্ত্বনার গোলটি করেন মরিৎজ কায়েরবার্গের।