বইমেলায় এসেছে প্রদীপ আচার্যের প্রথম গল্পগ্রন্থ ‘হরতনের বিবি ইস্কাপনের গোলাম’। বইটিতে রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ ও বৈচিত্র্যের মোট ১৩টি নির্বাচিত গল্প।
জীবন ও সমাজের নানান অসংগতি ও অনাচারের মূলে আঘাত হানার প্রত্যয় বইটির গল্পগুলোতে লক্ষ্য করা যায়। জীবন যেখানে বারবার হেরে যায় স্বার্থ নামক দানবের কাছে, যেখানে সে পরাজিত হয় সামন্ততান্ত্রিক সমাজের ভয়াল থাবার কাছে। লেখক ঠিক সেই স্বার্থ ও সমাজের মুখোমুখি পাঠককে এনে দাঁড় করিয়ে দেন। বইটি পাঠ করে পাঠক তাই বিহ্বল, স্তম্ভিত হয়।
বইটির প্রত্যেকটি গল্পে পাঠককে নতুনতর এক ভাবনার মুখোমুখি করার, জীবনকে নতুন এক দৃষ্টিতে পর্যালোচনা করার তাগিদ লক্ষ্য করা যায়। যা পাঠকের মনে এক নতুনতর বোধের সঞ্চার করে, অন্যরকম ভাবাদর্শে আকৃষ্ট করে।
বইটি অমরাবতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটি মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় অমরাবতী প্রকাশনীর ৫৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।