আন্তর্জাতিক কৃতিত্বের জন্য বুয়েট শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২১ সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য সংবর্ধিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করে বুয়েট কর্তৃপক্ষ। 

৭ই মার্চ ২০২২ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. রূপক মুতসুদ্দির সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন ইনস্টিটিউট ও দপ্তরের পরিচালকবৃন্দ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে চারটি দলের ৩০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের তত্ত্বাবধান করার জন্য ৪ জন শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়।

প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রহমানের তত্ত্বাবধানে আইসিপিসি-২০২১ পশ্চিম এশিয়া অঞ্চলে চ্যাম্পিয়ন হয় বুয়েট। ড. মোহাম্মদ আরিফুল হকের তত্ত্বাবধানে আই-ইইই ভিডিও অ্যান্ড ইমেজ প্রসেসিং কাপ-২০২১; ড. জুবায়ের ইবনে আউয়ালের তত্ত্বাবধানে ওয়ার্ল্ড ফেরি অ্যাসোসিয়েশন স্টুডেন্ট ডিজাইন প্রতিযোগিতা-২০২১ এবং প্রফেসর ড. মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল প্ল্যানেটারি এরিয়াল সিস্টেম চ্যালেঞ্জ-২০২১-এ পুরস্কার জয়লাভ করে বুয়েট শিক্ষার্থীদের দল।