মোংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

মোংলায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) দিনগত রাতে মৌখালী এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিন আরোহী। মোংলা থানার ওসি তদন্ত বিকাশ চন্দ্র ঘোষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

বিকাশ চন্দ্র ঘোষ জানান, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ'র মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে। পিচের রাস্তায় পড়ে তিনজনেরই মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়। মারাত্মক আঘাত ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসানা নাঈমা হাসান তাদের মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন পৌর শহরের ফার্নিচার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়েজিদ (২২), ভাগ্নে সাকিব (২০) ও দোকান কর্মচারী জাকারিয়া (২০)।
 
নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।