আজ বৃহস্পতিবার সকাল থেকে (১০ মার্চ) ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এসব রাজ্যের মধ্যে রয়েছে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া ও মনিপুর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপি বিশাল জয় পেতে যাচ্ছে। পাঞ্জাবে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। এছাড়া গোয়া ও উত্তরাখন্ড কংগ্রেসের চেয়ে এগিয়ে আছে বিজেপি।
দেশটির পাঁচ রাজ্যের এই এ নির্বাচনকে ‘মেগা নির্বাচন’ বা ‘সেমিফাইনাল’ বলা হচ্ছে। কেননা ২০২৪ সালে দেশটিতে জাতীয় নির্বাচনের আগে এর চেয়ে বড় নির্বাচন আর নেই।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দেশটির একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, উত্তরাখন্ডে কংগ্রেসকে বহু পেছনে রেখে এগিয়ে বিজেপি। ৭০ বিধানসভা আসনের উত্তরাখন্ডে ৪৪টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২১টিতে এবং আম আদমি পার্টি এগিয়ে রয়েছে একটি আসনে।
অন্যদিকে গোয়াতেও কংগ্রেসকে পেছনে ফেলে এগিয়ে গেছে বিজেপি। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার ২০টিতে চালকের আসনে বিজেপি। ১২ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আপ ১টি, মহারাষ্ট্র গোমন্তক পার্টি ৫টি এবং নির্দলরা এগিয়ে রয়েছে ৩টি আসনে।
পাঞ্জাবে ১১৭ আসনের বিধানসভায় আম আদমি পার্টি এগিয়ে ৮০- এর বেশি আসনে। অর্থাৎ, ম্যাজিক সংখ্যা ৫৯ ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছে আপ। এ বার দিল্লির বাইরে প্রথম জয়ের গন্ধ পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।
উত্তরপ্রদেশে ২৬৪ আসনে এগিয়ে বিজেপি। গোরক্ষপুরে এগিয়ে রয়েছেন যোগি আদিত্যনাথ। প্রথম দফায় গণনার শেষে ৫,৫৪০টি ভোট পেয়েছেন তিনি। অন্য দিকে, মূল প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি দ্বিতীয় স্থানে হলেও বিজেপি-র থেকে বহু পেছনে রয়েছে।
মণিপুরে ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। জেডি (ইউ) ২টিতে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে।