গোল না পেলেও শেষ আটে ম্যানচেস্টার সিটি

বুধবার (৯ মার্চ) রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি এবং ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ও স্পোর্তিং লিসবন। তবে সব আলো ছিল রিয়াল-পিএসজি ম্যাচকে ঘিরে। ইত্তিহাদে যে আরও একটি ম্যাচ হচ্ছে সেটির কথা যেন সবাই ভুলে গেছে!

অবশ্য এমনটা হওয়ার কারণও আছে। রিয়াল-পিএসজির ম্যাচটিই শেষ ষোলোর সবচেয়ে হাইভোল্টেজ। অন্যদিকে, প্রথম লেগে স্পোর্তিং লিসবনের মাঠে তাদেরকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আগেই কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল সিটি। ফিরতি লেগের ম্যাচটি নিয়ে কারো আগ্রহ না থাকার কারণ এটিই। তাও ম্যাচটি সিটির মাঠে।

তবে বুধবার রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে কেউ জিততে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে। তাতে অবশ্য কোয়ার্টারে যেতে কোনো সমস্যা হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের।