৪৩ বয়সেও দুই শিক্ষকের কাছে অভিনয় শিখছি: ইরেশ যাকের

অভিনেতা ইরেশ যাকের। দিনে দিনে অভিনেতা হিসেবে আরও বেশি ধারালো, আরও বেশি ক্যারিশম্যাটিক হয়ে উঠছেন কিংবদন্তি শিল্পী দম্পতি আলী যাকের ও সারা যাকের ছেলে। নাটক কিংবা সিনেমা যখন যেখানে সে চরিত্রই করছেন তা যথার্থভাবে ফুটিয়ে তুলছেন ইরেশ। বৈচিত্রময় অভিনয় গুণে মুগ্ধ করছেন দর্শকদের। বেশ কিছুদিন ধরেই নায়লা দুইজন শিক্ষকের কাছে অভিনয়ের গভীরের খুঁটিনাটি বিষয়গুলো শিখছেন ইরেশ।

বুধবার (৯ মার্চ) ‘গুণিন’ সিনেমার মুক্তি উপেক্ষে আয়োজিত প্রিমিয়ার শোতে নিজেই জানালেন সে কথা।

ইরেশ যাকের বলেন, ‘মা আমাকে অভিনয়ের বিষয়ে সবসময় ফিডব্যাক দেন। বন্ধু বান্ধবও অনেক সময় বলে। একবার আমার এক বন্ধু বললো, ‘তোর অভিনয় দেখলে মনে হয় তুই চরিত্রে ঢুকিস না’। তখন মনে হলো চরিত্রে না ঢুকলে আসলে মেকি ভাবটা থেকে যায়। এটা দূর করতে চেষ্টা করা উচিত। সেটা যখন থেকে করছি দেখলাম যে অনেক উন্নতি হচ্ছে অভিনয়ে।’

তিনি জানান, ‘আমার কাজের প্রস্তুতিতে আমি অনেক সময় দেওয়ার চেষ্টা করছি। বই পড়ে কিংবা ইউটিউব দেখে এবং অনুশীলন করে শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া ৪৩ বছর বয়সে এসে আমি অভিনয়ের জন্য দু’জন শিক্ষকের দ্বারস্থ হয়েছি। নাম বলেতে দোষ নেই- গুণী দুই মানুষ আজাদ আবুল কালাম এবং নায়লা আজাদ নূপুর। এই দুইজনের কাছেই অভিনয়ের খুঁটিনাটি শিখছি। ওনারা আমাকে প্রচুর হেল্প করছেন ভালো অভিনয়ের ব্যাপারে।’

ইরেশ যাকের। ইত্তেফাক

প্রিমিয়ারে ইরেশ ছাড়াও সিনেমাটির অভিনয়শিল্পী পরীমণি, শরিফুল রাজ, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ও ‘চরকি’র প্রধান নির্বাহী রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প থেকে সিনেমাটির চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা নিজেই। নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আগামীকাল (শুক্রবার) ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘গুণিন’। এরপর এর প্রযোজনা প্রতিষ্ঠান চরকির ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।