সাভারে জামেলা (৩) নামের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৯ মার্চ) সাভারের থানা রোড এলাকার একটি সুপার শপের সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সাভার থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির মা শিলা বেগম। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, চুরি হওয়া শিশু জামেলার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। সে তার নানী ও মা শিলা বেগমের সঙ্গে থানা রোড এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতো।
অভিযোগে বাদী বলেন, বুধবার দুপুর ১২ টার দিকে আমার মেয়ে রাস্তায় বের হয়। এ সময় একজন বোরকা পরা নারী তাকে চিপস দেখিয়ে কোলে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বিষয়টি জানিয়ে থানায় মামলা করেছি।
এসআই বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে এক বোরকা পরিহিত নারীকে শিশুটিকে কোলে করে নিয়ে যেতে দেখা গেছে। এরই মাঝে চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। খুব দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।