হাসপাতালের ব্রাদারের ওপর হামলা, তিন পুলিশ সদস্য ক্লোজড

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) সাইফুল ইসলামের ওপর হামলা করায় ট্যুরিস্ট পুলিশের তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ট্যুরিস্ট পুলিশের বরিশাল রিজিওনের পুলিশ সুপার রেজাউল করিম সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সিনিয়র স্টাফ নার্সের উপর হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে ট্যুরিস্ট পুলিশের হেড কোয়াটারে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন, ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের ইন্সপেক্টর বুলবুল আহমেদ, কনস্টেবল জাভেদ ও মেহেদি। 

এর আগে, বুধবার গভীর রাতে নগরীর রূপাতলী উকিল বাড়ি সড়কের অপজিটে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সালাউদ্দিন। এ সময় তাকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশের অন্যান্য সদস্যরা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) সাইফুল ইসলাম রোগীর নাম জিজ্ঞাসা করলে সালাউদ্দিনের সঙ্গে থাকা পুলিশ সদস্যদের তর্কে জড়িয়ে পড়েন।

এর এক পর্যায়ে জরুরি বিভাগের কাউন্টারে জোর করে প্রবেশ করে সাইফুলকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় স্বাধীনতা নার্সেস পরিষদ। এদিন বেলা সাড়ে ১১টার দিকে টুরিস্ট পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসে। পরে দোষীদের শনাক্ত পূর্বক আইনের আওতায় আনার প্রতিশ্রুতি পেয়ে কর্মস্থলে যোগদান করেন নার্স ও ব্রাদাররা।