অদম্য সৌন্দর্য চাই
খালেদ হোসাইন
অদম্য সৌন্দর্য চাই, পৃথিবীর সর্বপ্রান্ত জুড়ে
সুখ চাই, শান্তি চাই সমস্ত বৈষম্য ছিঁড়েখুঁড়ে
বোমারু বিমান নয়, আকাশে উড়ুক শুধু পাখি
গাছের শ্যামল ছায়া- তার নিচে শয্যা পেতে রাখি
চোখভরা ঘুম চাই স্বপ্ন চাই অনিন্দ্য সুন্দর
সকলের পাত ভরা খাদ্য চাই আর ছোট ঘর।
প্রাণের উদ্যম চাই হূদয়ের অনন্ত উল্লাস
শোণিত চাই না, আর পথে ও প্রান্তরে ভুল লাশ।
বৃত্তাবদ্ধ যাপন
সাজ্জাদ আরেফিন
কতটা আর এগুনো যায়
কানাকড়ি দিনের শুরু
কখনো কখনো
সীমা না জানাই ভালো
হিসেব-নিকেশের বিধিনিষেধ—
বেলা শেষে ঘুরে-ফিরে
রামকানই—
যেভাবে তোমাকে দেখে যাব
এম মনজুরুল ইসলাম
এখানে আবার একদিন এসে
তোমাকে দেখে যাব প্রথম রাত্রির
কৃত্রিম জ্যোত্স্না গায়ে মেখে
কীভাবে তুমি সমুদ্রের কান্না ভক্ষণ কর
তোমাকে দেখার জন্য আমি
মগ্ন হয়ে হারিয়ে যাব
প্রাগৈতিহাসিক অগ্ন্যুৎপাতের একটি
রঙিন গুহায়, শুকিয়ে যাওয়া
পাপড়ির মতো লেপটে থাকব
জলপাই রঙা শহরের ঘন অন্ধকারে...
আবেগ
আদ্যনাথ ঘোষ
নিয়ত বিদগ্ধ করে
আবেগি শূন্যতা,
বিরহিণী নদী,
কামনার বিষ।
জেগে ওঠে ক্ষত
বুকের গভীরে
কষ্টের চুল্লিতে।
তবু চোখে, আবেগি ছলনা
জলসার আঁধারে
দুখিনী কাঙাল হয়ে
যতবার সামনে আসে
ততবার হয়ে উঠি
ফসল উথলানো ঢেউ।