ইউক্রেনের নতুন ৩ শহরে রাশিয়ার হামলা, নিহত এক

ইউক্রেনের তিন শহর দিনিপ্রো, লুৎস্ক ও ইভানো-ফ্রাঙ্কিভস্কতে প্রথমবারের মতো হামলা শুরু করেছে রাশিয়া। আজ শুক্রবার শহর দুটিতে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে দিনিপ্রো শহরে একজন নিহত হয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি।

স্থানীয় টিভি ও সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লুৎস্ক, পূর্বাঞ্চলীয় দিনিপ্রো এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরে হামলা শুরু করেছে রুশ বাহিনী। দিনাইপার নদীর তীরে অবস্থিত দিনিপ্রো শহরটি মধ্য-পূর্ব ইউক্রেনের একটি প্রধান দুর্গ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। এতদিন শহর দুটি অক্ষত ছিল। আজই প্রথম হামলা চালিয়েছে তারা। বিবিসি ইউক্রেন জানিয়েছে, লুৎস্ক শহরের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। একটি কারখানায়ও হামলা চালানো হয়েছে।

এদিকে, হামলার কথা নিশ্চিত করে লুৎস্ক শহরের মেয়র সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে অবস্থানের পরামর্শ দিয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, দিনিপ্রোর নোভোকডাটস্কি জেলায় একজন নিহত হয়েছে। হামলার কথা নিশ্চিত করেছে রাশিয়াও।