তবু সাকিব কেন তিন ফরম্যাটে, যে ব্যাখ্যা দিলেন নান্নু

টেস্ট ক্রিকেটের প্রতি সাকিব আল হাসানের আগ্রহ নেই। এটা সরাসরি না বললেও বিভিন্ন সময় আকার ইঙ্গিতে তা বুঝিয়ে দিয়েছেন তিনি। এর বাইরে সাকিব কোনো সিরিজ থেকে ছুটি নিলে দেখা যায়, তিনি কেবল টেস্ট ম্যাচ মিস দেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়মিত খেলার চেষ্টা করেন। কয়েকদিন আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপানও বলেছিলেন, সাকিব না কি ছয় মাসের জন্য টেস্ট থেকে বিরতি চেয়েছেন।

তবে নতুন খবর হলো, টেস্ট ক্রিকেট নিয়ে সাকিব তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। সেই প্রেক্ষিতেই বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটেই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে রাখা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটিতে সাকিব। এরপর থেকেই তাকে নিয়মিত পাবার আশা করছেন নির্বাচকরা।

আজ শুক্রবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে খোলাসা করেছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও আব্দুর রাজ্জাক।

সাকিব তিন ফরম্যাটেই খেলবেন, সেই আশা থেকে তাকে পুরো সম্মান দিয়েছে নির্বাচক প্যানেল। মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘ও (সাকিব) ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিয়েছে। তারপর থেকে এভেইলেবল। আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী সাকিব তিন ফরম্যাটের জন্যই এভেইলেবল। ও অনেক বড় মাপের খেলোয়াড়, বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। ওর কাছে সবসময় সেরাটা চাই, সে জন্যই ওকে তিন ফরম্যাটে রাখা হয়েছে।’

ছুটি শেষ করে সাকিব মানসিকভাবে চাঙা হয়ে ফিরবেন বলে আশা করছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘এ বছর আমাদের অনেক খেলা আছে। আমরা সাকিবের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চাচ্ছি। ২০২২ সালে তিন ফরম্যাটেই প্রচুর খেলা, সে হিসেবে আমাদের অনেক খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময়ই তিন ফরম্যাটে চাই এবং আশা করছি রিফ্রেশ হয়ে ফিরে এসে সে খেলবে।’