ইউক্রেনে ‘সম্ভাব্য’ যুদ্ধাপরাধের বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১০ মার্চ) মস্কোকে এমন বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়া ইউক্রেনের জনবসতিপূর্ণ স্থানগুলোতে ধ্বংসযজ্ঞ চালানোর কৌশলেই হাঁটছে। অপরদিকে, যুদ্ধরত দুই পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনায় কোন অগ্রগতি হয়নি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, আমরা এমন কিছু বিশ্বাসযোগ্য প্রতিবেদন হাতে পেয়েছি যেগুলোতে বলা হয়েছে, ইউক্রেনের বেসামরিক মানুষের উপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে রাশিয়া। যে হামলাগুলো জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল।
তবে, তিনি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি এমন অপরাধ সংঘটনের অভিযোগ করেননি।
দুই সপ্তাহ ধরে চলমান এই আক্রমণের বিষয়ে প্রাইস বলেন, এখন পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে ইউক্রেন দখলে পুতিনের পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে। তাই তিনি জনবসতির স্থানগুলোতে ধ্বংসযজ্ঞ চালানোর কৌশল নিচ্ছেন যাতে করে ইউক্রেনের মানুষের মনোবল ভেঙে দেওয়া যায়, তবে তিনি এই ধাপেও সফল হবেন না।
এদিকে ইউক্রেনে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।