শুকিয়ে যাওয়া গাজনার বিলে পেঁয়াজ চাষ

সুজানগরে এক সময়ের স্রোতঃস্বিনী ঐতিহ্যবাহী গাজনার বিল চলতি শুষ্ক মৌসুমে প্রায় শুকিয়ে গেছে। বিলে এখন আর তেমন মাছ পাওয়া যাচ্ছে না। মাছের পরিবর্তে উলটো বিলের অধিকাংশ জমিতে চাষ হচ্ছে পেঁয়াজ। 

উপজেলা মত্স্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি এবং ব্যক্তি মালিকানা মিলে প্রায় ৬ হাজার হেক্টর জমি নিয়ে গড়ে ওঠা ঐ বিলে এক সময় সারা বছর পানি থইথই করত। সে সময় উপজেলার মত্স্যজীবীরা বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কালের আবর্তনে বর্তমানে বিলটিতে আর সারা বছর পানি থাকে না। ফলে বিলপাড়ের কৃষকেরা বিলের অধিকাংশ জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। 

বিলপাড়ের দুর্গাপুর গ্রামের আদর্শ কৃষক কামরুজ্জামান বলেন, গাজনার বিলে কখনো ফসল আবাদ করা যাবে এ কথা ভাবাই যায়নি। কেননা কিছুদিন আগেও বিলে প্রচণ্ড স্রোত থাকত। বিশাল ডেউয়ে ক্ষতিগ্রস্ত হতো বিলপাড়ের মানুষজন। সারা বছরই মিলত মাছ। অথচ সেই বিল শুকিয়ে যাওয়ায় সেখানে পেঁয়াজ ও ধানসহ বিভিন্ন ফসল আবাদ হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, চলতি শুষ্ক মৌসুমে বিলে মাছ পাওয়া না গেলেও বিলের জমিতে আবাদ করা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে কিছু কিছু জমির পেঁয়াজ ওঠানো শুরু হয়েছে। আর ১০/১৫ দিনের মধ্যে পুরোদমে শুরু হবে। আশা করছি গাজনার বিলের পেঁয়াজে কৃষকের ভাগ্য বদলে যাবে।