নবাবগঞ্জে দেড় বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জের মোটরসাইকেল চালক জাকির (৪৫) হত্যা মামলার মূল আসামি জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (১১ মার্চ) মধ্য রাতে নিজ বাসা থেকে জাকিরকে গ্রেফতার করা হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এই হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিল। পিবিআই ওই প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে শুক্রবার রাতে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। 

পিবিআই এর উপ পরিদর্শক মো. ইমরান বলেন, গ্রেপ্তারকৃত জাকির এই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। মামলার অনুসন্ধানে তার নিজ বাসা থেকে আটক করা হয়।
 
নিহত মোটর সাইকেল চালকের ছেলে মো. হৃদয় হোসেন বলেন, আমরা জানতে পেরেছি শুক্রবার রাতে পিবিআই আমার পিতার হত্যাকারী জাকিরকে আটক করেছে।  
 
উল্লেখ্যে, মামলার এজাহারে বলা হয়েছে, ২০২০ সালের ২রা অক্টোবর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরসৈল্যা এলাকার মোটরসাইকেল চালক মো. জাকির (৪৫) কে পিটিয়ে হত্যা করা হয়। জাকির ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের দাবি তাকে মুঠোফোনে ডেকে নিয়ে  জাকির হোসেনের নেতৃত্বে তাকে হত্যা করা হয়। 
 
এ ঘটনায় উপজেলার পুরান তুইতালের মো. রহিমের ছেলে শফিক (৪০) ও আফজাল নগরের মৃত শফি উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৪২) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে নিহতের স্ত্রী মোকসেদা বেগম নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ জানান, আমাদের সহযোগিতায় হত্যাকাণ্ডের মূল আসামী জাকির হোসেনকে শুক্রবার রাতে পিবিআই'র একটি টিম গ্রেফতার করেছে।