মানসিকভাবে ফিট না থাকায় সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সাকিব

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী সাকিব আল হাসান। এ কথা সবারই জানা। কিন্তু সেই সাকিবই কয়েকদিন আগে জানায়, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক অবস্থা এখন তার নেই। এর পরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।

এমন অবস্থায় মানুষের তার পাশে থাকা উচিত ছিল। কিন্তু হলো উল্টোটা। কারণ, সাকিব ঘন ঘন ছুটি নিচ্ছেন। তাই এবার মানসিক কারণ দেখালেও মানুষ তাতে কর্ণপাত করেনি। বরং সমালোচনায় মেতে ওঠে। তবে এখন ভালো খবর হলো, সাকিব নিজ থেকেই ছুটি বাতিল করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজই খেলবেন।

আজ শনিবার (১২ মার্চ) তার মানসিক অবস্থা নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার আগে সাকিবের সঙ্গে সব বিষয় নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘ওর (সাকিব) সঙ্গে আমাদের প্রথম যে কথা হয়, সে একটা ছুটি চেয়েছিল। তারপরে সে আমাকে তৃতীয় ওয়ানডের (আফগানিস্তান সিরিজ) দিন বলেছিল যে, সে অ্যাভলেইবল, খেলবে। তারপরে সে দুবাই যাওয়ার আগ মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে একটা ব্রিফিং হয়, জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়, মানসিক এবং শারীরিকভাবে সে ফিট না। ওখানে (দুবাই) গিয়ে কিন্তু আবার আমাকে বললো যে, আপনার সঙ্গে এসে ফাইনাল করবো। সে ওখান থেকে সিদ্ধান্ত জানালো যে, সে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে না। আমরাও একটা ছুটি দিয়ে দিলাম।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন নাজমুল হাসান পাপন, পাশেই দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান

ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘পরশুদিন সাকিব এসে আমাকে যে জিনিসটা বলেছে যে, সে আসলে মানসিকভাবে ফিট না। এটা আমরা সকলেই। কোনো না কোনো সময় এরকম হয়, মানুষ মানসিকভাবে ফিট নাও থাকতে পারে। ও মানসিকভাবে ফিট না থাকায় সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিল। আমার সঙ্গে ওর লম্বা আলোচনা হয়েছে। পরে সে আমাকে বলেছে যে, সে সব ফরম্যাট খেলতে ইচ্ছুক, দক্ষিণ আফ্রিকা সিরিজ সহ।’

তিনি বলেন, গত পরশুদিন ফোনে সে (সাকিব) এটা জানায়। তখন আমি বলেছি, তুমি ঠান্ডা মাথায় আমাকে জানাও, মাথা ঠান্ডা করো, চিন্তা করো, পরে আমাকে জানিও। এবং কালকে (গতকাল) আমাকে ফোন করে বলেছে, আমি খেলতে চাই, আমি যেতে চাই। তারপরও তাকে সময় দিলাম যে, তুমি কালকে বোর্ডে আসো। আজকে বোর্ডে আসলো, পুরো পরিকল্পনা নিয়ে তার সঙ্গে বসেছি।’

এমন অবস্থায় সাকিবকে যেন সবাই মানসিকভাবে সমর্থন করে, সেই আহ্বান জানিয়ে পাপন আরও বলেন, ‘সাকিব আমাকে বলেছে, সে মানসিকভাবে ফিট না। আমার মনে হয়, এই সময়টায় সকলের তাকে সাপোর্ট দেওয়া উচিত। ওর সঙ্গে থাকা উচিত। ওকে মানসিকভাবে শক্তি দেওয়া উচিত।’