প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা সৃষ্টিতে জুনিয়র সফটওয়্যার একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম

আরিফুর রহমান

 

সফলভাবে স্যামসাং আরঅ্যান্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ (এসআরবিডি)-তে ‘জুনিয়র সফটওয়্যার একাডেমি’-এর প্রথম সেশন সম্পন্ন করেছে স্যামসাং বাংলাদেশ। গত ৮ মার্চ ২০১৯ থেকে শুরু হয়ে সেশনটি শেষ হয়েছে ২৬ এপ্রিল। 

কোডিং, প্রোগ্রামিং, কম্পিউটার হার্ডওয়্যার ও ইন্টারনেট সংক্রান্ত প্রাথমিক শিক্ষাসহ প্রযুক্তিগত বিষয় নিয়ে শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করেছে। এছাড়া স্যামসাং-এর ইতিহাস, স্যামসাং পণ্য সম্পর্কে জ্ঞান এবং অ্যান্ড্রয়েড ওপেন সোর্স সিস্টেম সম্পর্কে জানতে পেরেছে শিক্ষার্থীরা। সফটওয়্যার ডেভেলপ করতে বেসিক কোডিং ব্যবহার করে এখন শিক্ষার্থীরা তাদের শিক্ষার প্রতিফলন ঘটাতে পারবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।   

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৩০ শিক্ষার্থী জুনিয়র সফটওয়্যার একাডেমির প্রথম সেশনে অংশ নিয়েছে। উল্লেখ্য, গত ৮ মার্চ ২০১৯ থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত সপ্তাহের প্রতি শুক্রবার ক্লাস নেওয়া হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা এই সেশনের জন্য আবেদন করেছে, অতঃপর গত ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ নির্বাচিত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। এস আর বিডি-তে প্রায় ৪০০ জন স্যামসাং আরঅ্যান্ডডি ইঞ্জিনিয়ার কর্মরত আছেন। 

স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইয়ুন বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই জুনিয়র সফটওয়্যার একাডেমির প্রথম সেশন সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এখান থেকে অর্জন করা জ্ঞান ভবিষ্যত্ শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি তাদের মাঝে প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার ইচ্ছাশক্তি তৈরি করবে। ভবিষ্যতে বাংলাদেশকে টেক জায়ান্ট হিসেবে পরিচিত করতে সহায়তা করতে চাই আমরা এবং আজকের তরুণ প্রজন্ম ভবিষ্যতে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’