রুশ আগ্রাসনের পর ইউক্রেনের এই নাজুক অবস্থায় দেশটিকে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এ পরিস্থিতিতে দেশটিতে পশ্চিমা অস্ত্র ও অস্ত্র সরবরাহের বহরকে লক্ষ্য করে হামলা হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ। এক প্রতিবেদনে এমটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
দেশটির স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর প্রক্রিয়াটি খুবই বিপদজনক। অস্ত্র সরবরাহের এসব বহর রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে।’
রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেনের সেনাদের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক ধ্বংস করার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পশ্চিমারা। এসব ছোট ছোট অস্ত্রের স্থানান্তরের পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দাবি, ইউক্রেন দখল করার ইচ্ছা ক্রেমলিনের নেই। দেশটিকে নিরস্ত্রীকরণ করতে ও নাৎসিবাদের বিস্তার রুখতে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে ইউক্রেনের কয়েকটি শহরের দখল নিয়েছে রাশিয়ার সেনারা।