বিশ্রাম শেষে কাল মাঠে ফিরছেন নিগাররা

প্রথম দুটি ম্যাচে হারের পর বিশ্রামটা যেন প্রয়োজনীয়ই ছিল। যদিও সেটা আগে থেকে নির্ধারিত। ছয় দিনের বিশ্রাম শেষ আগামীকাল ভোরে নারী বিশ্বকাপে মাঠে ফিরছে বাংলাদেশ। ভোর ৪টায় হ্যামিল্টনে নিগার সুলতানাদের প্রতিপক্ষ পাকিস্তান।

বাংলাদেশের মতো পাকিস্তানও এই টুর্নামেন্টে জয়হীন। তিনটি ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে থাকলেও ৬ রানের হার নিয়ে ফিরতে হয় বিসমাহ মারুফের দলকে। ওয়ানডে বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশ এবারই প্রথম। টুর্নামেন্টের সবচেয়ে সহজ প্রতিপক্ষের কথা বলতে গেলে পাকিস্তানের নামই সবার আগে আসবে। 

প্রস্তুতি ম্যাচে তাদের কাছে নাটকীয়ভাবে ডিএল মেথডে ৭ রানে হেরে গিয়েছিলেন নিগাররা। তবে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে তুলে নিয়েছিলেন ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়।করোনার কারণে বাতিল হয়েছিল বিশ্বকাপ বাছাইপর্ব। র‍্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে জায়গা হয় বাংলাদেশ ও পাকিস্তানের। বিশ্বকাপে এখনো নিজের খাতা খুলতে পারেনি দুই দল। টাইগ্রেসদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডার। পরপর দুই ম্যাচে ওপেনিংয়ে দারুণ শুরুর পর মিডল অর্ডারের ব্যর্থতায় দিতে হয়েছে ভরাডুবি। ফলে জয়ের সম্ভাবনা দেখিয়ে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয় ৩২ রানে। আর নিউজিল্যান্ডের কাছে তো পাত্তাই পায়নি। 

অধিনায়ক নিগার অবশ্য খুব বেশি চিন্তিত নন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হারের পর তিনি বলেছেন, ‘সবশেষ দুটি ম্যাচে আমাদের ওপেনাররা খুব ভালো শুরু এনে দিয়েছে। এমনিতে সবসময় আমাদের দুর্ভাবনা থাকে প্রথম ১০ ওভারে নতুন বল সামলানো নিয়ে। সেখানে খুব ভালোভাবে টিকে থেকেও পরের ব্যাটাররা এখানে জুটি গড়তে পারছে না। এখানে ধস নামছে। পরের ম্যাচগুলোয় আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’ছয় দিনের বিরতিতে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার কথা জানিয়েছিলেন নিগার। কতটুকু শুধরেছেন এর ফল কাল মাঠেই পাওয়া যাবে।