জয়পুরহাটে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুস্বাদু আর পুষ্টিগুণ সম্পন্ন ফল স্ট্রবেরি। মাটি আর আবহাওয়া স্ট্রবেরি চাষের উপযোগী হওয়ায় দিন দিন সম্প্রসারিত হচ্ছে স্ট্রবেরির চাষাবাদ। এখানকার উত্পাদিত স্ট্রবেরি জেলার চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্হানে সরবরাহ করা হচ্ছে।
জানা যায়, সাত বছর আগে জয়পুরহাট জেলার চান্দা এলাকায় পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ শুরু হলেও এখন জেলায় চাষির সংখ্যা ৮০ জন। চাষ হচ্ছে প্রায় ২০০ বিঘা জমিতে। সদর উপজেলার পাঁচটি গ্রামে বর্তমানে চাষ হচ্ছে বিদেশি ফল স্ট্রবেরি। গ্রামগুলো হচ্ছে—কালীপাড়া, আওয়াল দেওনা, ইমনিপাড়া, চান্দা ও কুমারপাড়া।
কালীপাড়া গ্রামের স্ট্রবেরি চাষি রেজুয়ান হোসেন জানান, দুই বিঘা জমিতে এবার স্ট্রবেরি চাষ করেছেন। ইতিমধ্যে ৪ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি হয়েছে। আরো এক-দেড় লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করা সম্ভব হবে বলে জানান। এ ছাড়া স্ট্রবেরির চারা বিক্রি করে ২ লাখ টাকা বাড়তি আয় হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, জয়পুরহাটের মাটি স্ট্রবেরি চাষের উপযোগী হওয়ায় এবার প্রায় ৩০০ বিঘা জমিতে স্ট্রবেরির চাষ হয়েছে। আশা করছি, এবার ৫ কোটি টাকার স্ট্রবেরি বেচাকেনা হবে।