ঢাকা আইটি-আইটিএস জব ফেয়ার-এ তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২০ লাখ আইটি পেশাজীবী তৈরি করা ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য

মাহবুব শরীফ

 

তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণী ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের মিলনমেলার মাধ্যমে শেষ হলো দিনব্যাপী ‘ঢাকা আইটি-আইটিইএস জব ফেয়ার-২০১৯’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)’তে আয়োজিত এ চাকরি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, এনডিসি, এক্সপ্রেশানস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এদিকে চাকরি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর আওতায় লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লোয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রজেক্ট (এলআইসিটি) এ মেলার আয়োজক। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি)। এ মেলায় বাংলাদেশের প্রথম সারির ৫০টি আইটি প্রতিষ্ঠান ও কর্পোরেট কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত থেকে চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের সাক্ষাত্কার নেন এবং প্রাথমিকভাবে নির্বাচিত করেন। চাকরি মেলায় যোগ দিতে ১০ হাজারের বেশি স্নাতক অনলাইনে নিবন্ধন করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০ হাজারের বেশি তরুণ-তরুণী জব ফেয়ারে আসেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হলো- ২০২১ সালের মধ্যে আইটি-আইটিইএস খাতে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা এবং ২০ লাখ আইটি পেশাজীবী গড়ে তোলা। সে লক্ষ্যে আমরা দেশজুড়ে সারাবছর নানান ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। কারণ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য তরুণ-তরুণীদের প্রশিক্ষিত করে তোলার বিকল্প নাই। প্রশিক্ষণপ্রাপ্তরা আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে বা কাজ করবে।’