আমরা একটি কঠিন সময় অতিবাহিত করছি: নানক 

দেশ এগিয়ে যাওয়ার পথে বিরোধী চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি। দেশ যখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্র থেমে নেই। দেশ বিরোধী এসকল চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। 

রবিবার (১৩ মার্চ) সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। 

নানক বলেন, ষড়যন্ত্র প্রতিহত করতে হলে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। ঢাকায় বসে নয়, জেলায় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে সাংগঠনিক কাজ পরিচালনা করতে হবে। মনে রাখবেন, কে কি করছেন নেত্রী শেখ হাসিনার কাছে সে আমল নামা যায়। আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে হলে দলের নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে। 

এসময় সকল বিবেদ ভুলে সুনামগঞ্জ আওয়ামী লীগকে সুসংগঠিত ও গতিশীল করতে আগামী ২ মাসের মধ্যে ইউনিয়ন ও উপজেলা সম্মেলন করে জুন মাসের মধ্যে জেলা সম্মেলন প্রস্তুত করতে জেলা নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেন তিনি।