ব্যায়ামাগারে শারীরিক অনুশীলন করতে আসা কিছু মানুষের জীবনের অন্যতম অপরিহার্য বিষয় ‘শারিরীক শিক্ষা’। শরীর গঠন করা নিয়েই তাদের ধ্যান-জ্ঞান। সাকিব জিমের সব চেয়ে পুরোনো সদস্য। সুদর্শন এবং ভদ্র কিন্তু বেকার। সারাদিন জিম করে আর বাবার টাকা উড়ায়। জিমের সব মেয়েরা তার ওপর ফিদা।
এ নিয়ে খুব বিরক্ত জিমের ট্রেইনার শামস। তাকে সবাই ভাইয়া বলে। মেয়েরা ভাইয়া ডাকলেই যেন শামসের কলিজাটা পুড়ে যায়। শশী জিমে আসে শুধু সেলফি তোলার জন্য, আর টিকটক বানানোর জন্য। জিমে নতুন জয়েন করে সায়েম। সামনেই তার নতুন সিনেমার সাইনিং, জিমে সে খুব নায়ক হয়ে থাকার চেষ্টা করে, তবে কেউ তাকে খুব একটা পাত্তা দেয় না।
এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘শারীরিক শিক্ষা’। খায়রুল পাপনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মারজুক রাসেল, নিশাত প্রিয়ম, নাদিয়া মীম, মুকিত জাকারিয়া, তানজিম অনিক, সহিদ-উন-নবী, সায়েম সালেক, অপু, আনোয়ার, হারুন রশীদ, আইরিন আফরোজ, সাদিয়া তানজিন, আফ্রি সেলিনা প্রমুখ।
নাটকটি সম্পর্কে নির্মাতা খায়রুল পাপন বলেন, মূলত ট্রেন্ডি একটি নাটক এটি। বর্তমান সময়ের দর্শকের চাহিদার কথা বিবেচনা করে কাজটি করেছি। আশা করি, দর্শকরা খুব উপভোগ করবেন নাটকটি। নানা মজার ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া শারিরীক শিক্ষা পরিনত হয় সামাজিক বিজ্ঞানে। মানুষ সামাজিক জীব, মানুষ কখনো একা বাঁচতে পারে না। মানুষে মানুষে মিলে হয় পরিবার। এরপর সমাজ। এই সমাজের জন্য সাস্থ্য সকল সুখের মূল, তার চেয়ে মূল্যবান হয়ে ওঠে মনুষত্ববোধ।
প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ‘শারীরিক শিক্ষা’ প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।