বক্সিংয়ের অবিসংবাদিত লাইটওয়েট চ্যাম্পিয়ন কেটি টেলর। তিনি আগামী ৩০ এপ্রিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আমান্ডা সেরানোর বিপক্ষে ঐতিহাসিক লড়াইয়ে নামতে যাচ্ছেন। সেটি নিয়ে তিনি বলেছেন, এমন বড় লড়াইয়ের জন্যই তার জন্ম হয়েছে।
সম্প্রতি বিবিসি রেডিও ফাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী আয়ারল্যান্ডের এই নারী বক্সার বলেন, ‘এই ধরনের রাতগুলো আপনি স্বপ্ন দেখেন। বড়, বিশাল এবং মেগা লড়াইগুলো হলো সেই ধরনের লড়াই, যেখানে আমি ছোটবেলা থেকেই সবসময় অংশ নিতে চেয়েছিলাম।’
২০০১ সালে মাত্র ১৫ বছর বয়সে আয়ারল্যান্ডে প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নারী বক্সিং ম্যাচে অংশ নিয়েছিলেন টেলর। ২০১২ লন্ডন অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছেন। অন্যদিকে, আমান্ডা সেরানো একজন পুয়ের্তো রিকান পেশাদার বক্সার, মিশ্র মার্শাল আর্টিস্ট এবং পেশাদার কুস্তিগীর। তিনি ইউনিফাইড ফেদারওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন, ২০১৯ সালে ডব্লিউবিও চ্যাম্পিয়ন ও ২০২১ সালের ডব্লিউবিসি চ্যাম্পিয়ন।
আসন্ন মেগা লড়াই নিয়ে কেটি টেলর বলেন, ‘আমি এটা নিয়ে খুবই উত্তেজিত। আমি মনে করি, এই ধরনের লড়াইয়ের জন্যই আমার জন্ম হয়েছে। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন লড়াই হতে যাচ্ছে, দুজনের ক্যারিয়ারেরই। আমি বিশ্বাস করি, এই মুহূর্তে বক্সিংয়ে এটাই সবচেয়ে বড় লড়াই।’