ইউক্রেনে মার্কিন সাংবাদিককে হত্যা, যুক্তরাষ্ট্রের 'হুঁশিয়ারি'

রবিবার (১৩ মার্চ) ইউক্রেনের কিয়েভ শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা ইরপিনে গুলিবিদ্ধ হয়ে ব্রেন্ট রেনড নামে এক মার্কিন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সাংবাদিক। কিয়েভের পুলিশ প্রধান জানিয়েছেন, ব্রেন্ট রেনড রুশ বাহিনীর টার্গেটে ছিলেন। 

এ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই ঘটনার জন্য রাশিয়ার ওপর 'উপযুক্ত পরিণতি' আরোপ করবে। 

সুলিভ্যান বলেন, মৃত্যুর খবর ছিল 'মর্মান্তিক এবং আতঙ্কজনক'। ব্রেন্ট রেনডের কীভাবে মৃত্যু হলো এ নিয়ে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা আলোচনা করবে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্রেন্ট রেনডের সঙ্গে থাকা তার সহকর্মী জুয়ান আরেদন্দোকে হাসপাতালে নেওয়া হয়েছে। জুয়ান ইতালির এক রিপোর্টারকে বলেন, তাদের ওপর যখন গুলি ছোড়া হয় তখন তিনি ব্রেন্ট রেনডের সঙ্গে ছিলেন।   

জুয়ান বলেন, 'শহর ছেড়ে যাচ্ছে নাগরিকদের চিত্র ধারণের জন্য আমরা ইরপিনের প্রথম ব্রিজ পার হই। এরপর আমরা একটি গাড়িতে উঠি, কেউ একজন আমাদের আরেকটি ব্রিজে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় এবং আমরা একটি চেকপয়েন্ট পার হই। এরপরই তারা আমাদের দিকে গুলি ছুড়তে শুরু করে।' 

'এরপর ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নেয় কিন্তু তারা গুলি চালাতে থাকে, আমরা শুধু দুইজন ছিলাম। আমার বন্ধু ব্রেন্ট রেনড, তাকে গুলি করে ফেলে রাখা হয়েছে, আমি জানি না তার কী অবস্থা এখন,' বলেন জুয়ান। 

জুয়ান আরও বলেন, আমি তাকে ঘাড়ে গুলিবদ্ধ হতে দেখেছি এরপরই আমরা আলাদা হয়ে পড়ি। বিবিসি, এনডিটিভি।