শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ মার্চ) দিবাগত রাত ১টায় রাজধানী একটি বেসরকারি হাসপাতালে সে মারা যায়।
জানা যায়, উপজেলা উত্তর বহেরাতলা ইউনিয়ন যাদুয়ারচর ঢালীকান্দী গ্রামের কাওছার সরদারের ছেলে সিয়াম (১৬) গত ৯ মার্চ মোটরসাইকেলে উপজেলার পাঁচ্চর থেকে শিবচরে আসার পথে পৌরসভা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থায় অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়। রবিবার সিয়ামের লাশ জানাজা শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।