স্পোর্টস ডেস্ক
লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ৩৬তম ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই উঠে এসেছে আগামী বুধবার অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখিতার কথা। কোচ য়ুর্গেন ক্লপ জানালেন ম্যাচটির আগ পর্যন্ত বার্সার কথা ভাবেনি তার দল!
লিভারপুল গত শুক্রবার রাতে নিজেদের মাঠে ১৫তম সেকেন্ডেই মিডফিল্ডার নাবি কেইটার গোলে এগিয়ে যায়। এরপর মোহামেদ সালাহ ও সাদিও মানের জোড়া গোলে ভর করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে। নিজেদের সূচিতে এরপরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতে ক্লপের দল ন্যু ক্যাম্পে সফর করবে।
ক্লপ জানালেন লিওনেল মেসিদের মুখোমুখি হবার আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে তার দল। তাই হাডার্সফিল্ডকে আতিথ্য দেবার পরই স্প্যানিশ চ্যাম্পিয়নদের নিয়ে ভাবনা শুরুর কথা জানান তিনি।
স্কাই স্পোর্টসকে অল রেড কোচ বলেন, ‘আপনি ভাবতে পারেন? আমি একবারও বার্সেলোনা নিয়ে ভাবিনি। আমার জীবনে আমি তাদের ১০০ বারের মত দেখেছি, কিন্তু আমি এক সেকেন্ডও তাদের নিয়ে ভাবিনি। আমরা এখন শুরু করবো। সেই ম্যাচের আগে আমাদের হাতে পাঁচ দিন সময় আছে। বিশ্রামের জন্য এটা যথেষ্ট সময়। অনুশীলন ও শক্তি ফিরে পাবার জন্যেও যথেষ্ট সময় আছে।’
জার্মান এই কোচ অবশ্য বার্সেলোনার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘অনেক দলই সেখানে জেতার চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। আমাদের সঙ্গে সেখানে এমনটা ঘটতে যাচ্ছে না। কিন্তু খুবই সম্ভব। নিশ্চয়ই আমরা একটা কৌশল নিয়ে সেখানে যাব, কিন্তু এই মুহূর্তেই সেটা আমরা নির্ধারণ করিনি।’
লিভারপুল এই জয় দিয়ে আবারও শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে চাপে রেখেছে। কোচ পেপ গার্দিওলার দল আজ পয়েন্ট তালিকার ১৫তম অবস্থানে থাকা বার্নলির মাঠে খেলতে নামবে। তাই কিছুটা কম চাপ অনুভব করবে গার্দিওলার দল। তবে সিটির যে কোনো হোঁচট শিরোপার দৌড়ে লিভারপুলকে এগিয়ে দেবে, এমন হাতছানিতেও ক্লপ অতদূর ভাবতে নারাজ।
সিটি কোনো দলের বিপক্ষে পয়েন্ট হারাতে পারে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না দলটা বার্নলি, লেস্টার কিংবা ব্রাইটন হবে কিনা। সত্যি বলতে নিউক্যাসলের (লিভারপুলের পরবর্তী প্রতিপক্ষ) বিপক্ষে কি হবে তাও আমি জানি না। কেউ যদি যোগ্য হয় তবে সে চ্যাম্পিয়ন হবেই, যদি না হয় তবে হবে না। আমাদের নিজেদের কাজটা চালিয়ে যেতে হবে, ম্যাচগুলো জিততে হবে এবং পরে যা হয় তা আমরা দেখবো।’
হাডার্সফিল্ডের বিপক্ষে জয় নিয়ে দলটি প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে ৯০ এর বেশি পয়েন্ট অর্জন করেছে। ক্লপ একে দেখছেন বড় অর্জন হিসেবেই। তিনি বলেন, ‘এটা (সিটির হার) নিয়ে কথা ওঠাটা স্বাভাবিক। কিন্তু এটা আমাদের তেমন ভাবাচ্ছে না। ৯১ পয়েন্ট অর্জন করাটা অবিশ্বাস্য। এটা বিশেষ কিছু। লড়াইয়ে টিকে থাকতে ছেলেরা এখন পর্যন্ত সম্ভাব্য সব কিছুই করেছে।’
হাডার্সফিল্ডের বিপক্ষে পাওয়া বড় জয় সম্পর্কে ক্লপ বলেন, ‘সব মিলিয়ে এটা অসাধারণ ছিলো। এটা সত্যিই ভালো পারফর্মেন্স ছিলো, আমাদের যা প্রয়োজন ছিলো তার সবই ছিলো এই ম্যাচে। দারুণ খুশি, এটি প্রায় নিখুঁত এক দিন ছিলো। দারুণ খেলেই আমরা ম্যাচটা জিতেছি।’