আশুলিয়া ও চট্টগ্রামে নিহতের ঘটনা
আগামীকাল জাতীয় শোক, বন্ধ থাকবে সব গার্মেন্ট
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১২, ১৯:৪১
আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড এবং চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ধসে প্রাণহানির ঘটনায় আগামীকাল ২৭ নভেম্বর মঙ্গলবার জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের বিস্তারিত জানান।
মন্ত্রিপরিষদসচিব জানান, আশুলিয়া ও চট্টগ্রামের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। ২৭ নভেম্বর মঙ্গলবার দেশের সব সরকারি-আধা সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ছুটি থাকবে দেশের সব পোশাক কারখানায়।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহত ১১১ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অসংখ্য। অন্যদিকে একই সময়ে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে এ পর্যন্ত নিহত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।