প্রস্তুত জুরাইন
আগামীকাল সকাল ১০টায় পরিচয়হীনদের দাফন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১২, ১৯:৪২
শনিবার রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে স্মরণকালের ভয়াবহতম গার্মেন্ট দুর্ঘটনায় নিহতদের মধ্যে যাদের লাশ শনাক্ত করা যায়নি সে রকম ৫৮টি লাশের ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশগুলো হস্তাস্তর করা হয়েছে বেওয়ারিশ লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামকে। গত রাত ১টা থেকে সিআইডির ডিএনএ পরীক্ষণ দল এবং ঢাকা মেডিক্যালের ফরেনসিক ল্যাব ইউনিট মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করছে। এই সংগ্রহের কাজ চলবে আজ দুপুর ৩টা পর্যন্ত। ডিএনএ নমুনা সংগ্রহ পর্যন্ত লাশগুলো রাখা হবে ঢাকা মেডিক্যাল মর্গে, তারপর পরিচয় পাওয়া না যাওয়া মরদেহগুলোকে জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হবে দাফন করার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ, আঞ্জুমান মফিদুল ইসলাম এবং জুরাইন কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে তথ্য জানাতে গিয়ে আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে লাশ গ্রহণ আর দাফনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (সেবা) মো. আব্দুল আলীম কালের কণ্ঠকে জানান, গতকাল আমাদের কাছে ৫৮টি লাশ হস্তান্তর করেন লাশ হস্তান্তরের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মোশিউদ্দৌলা। আপাতত লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য। মৃতদেহগুলো আগামীকাল সকাল ১০টা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হবে। তারপর দাফনের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হবে। আমরা ইতিমধ্যে লাশ দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিএনএ নমুনা সংগ্রহ শেষ হলেই লাশগুলো নিয়ে যাওয়া হবে জুরাইন কবরস্থানে। সেখানে কবর খননের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।