মঞ্চে ফিরলেন আফজাল হোসেন

জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন আবার মঞ্চে ফিরেছেন। তবে অভিনয়ে নয়, তিনি ঢাকা থিয়েটারের নতুন নাটক 'পঞ্চনারী আখ্যান'র মঞ্চ পরিকল্পনা করেছেন। দীর্ঘ ২২ বছর পর মঞ্চনাটকে আবার কাজ করছেন আফজাল। আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। এটি লিখেছেন হারুন রশীদ, নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। এতে একক অভিনয় করছেন রোজী সিদ্দিকী। এখন জাতীয় নাট্যশালার মহড়াকক্ষে নাটকটির মহড়া চলছে। আফজাল হোসেন সর্বশেষ ঢাকা থিয়েটারের 'হাত হদাই' [১৯৮৯] নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছিলেন। দীর্ঘদিন পর মঞ্চে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, 'ব্যস্ততা বেড়েছে। তাই ইচ্ছে থাকলেও মঞ্চে সময় দেওয়ার সুযোগ হয় না। এবারের নাটক নিয়ে নির্দেশক সেলিম আর অভিনেত্রী রোজীর উচ্ছ্বাস প্রচণ্ড। তাই আবার মঞ্চে কাজ করার উৎসাহ অনুভব করলাম। ওদের অনুরোধও ফেলতে পারলাম না।' 'পঞ্চনারী আখ্যান' ঢাকা থিয়েটারের ৩৭তম প্রযোজনা। সমাজের বিভিন্ন স্তরের পাঁচজন নারীর গল্প পাওয়া যাবে নাটকটিতে। এই পাঁচ নারীর চরিত্রে অভিনয় করছেন রোজী সিদ্দিকী।