কেন্ট ক্রিকেট লিগে খেলবেন আশরাফুল

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগটা খুব ভালো যায়নি মোহাম্মদ আশরাফুলের। ১৩ ম্যাচে ২৭৫ রান করেছেন। যেখানে হাফ সেঞ্চুরি দুটি। তবে মোহামেডানের হয়ে অফস্পিন করে আট উইকেট নিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

প্রিমিয়ার লিগ শেষে ঘরোয়া ক্রিকেটে নেই কোনো টুর্নামেন্ট। লম্বা একটা বিরতি পাচ্ছেন ক্রিকেটাররা। অবশ্য এই বিরতিতে বসে থাকবেন না আশরাফুল। আগামী মাসেই ইংল্যান্ডে চলে যাচ্ছেন তিনি। কেন্ট ক্রিকেট লিগে খেলবেন তিনি। ওয়ানডে ফরম্যাটের এই লিগ হবে প্রায় সাড়ে চার মাস।

আশরাফুল খেলবেন ব্ল্যাক হিথ ক্লাবের হয়ে। ২০১৮ সালে কেন্ট ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছিল এই ক্লাবটি। গতকাল মিরপুর স্টেডিয়ামে আশরাফুল এই সম্পর্কে বলেছেন, ‘এই বছর আমি কেন্ট ক্রিকেট লিগে খেলতে যাচ্ছি। ব্ল্যাক হিথ সিসির হয়ে খেলবো। সেখানে সাড়ে চার মাসের, ওদের সিজন শুরু হবে সামনেই। ওই সিজন পুরোটাই খেলব।’

কেন্ট ক্রিকেট লিগে আশরাফুলের খেলা থাকবে সপ্তাহে দুইদিন। বেশিরভাগ খেলাই হবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। তাই বিশ্বকাপে বাংলাদেশের অনেক ম্যাচ দেখার আশা করছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।