বঙ্গবন্ধুর নীতিতে সেনাবাহিনী পুনর্গঠন পরিকল্পনা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১২, ১১:৫৪
ঢাকা: রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীসমূহের প্রধান জিল্লুর রহমান বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরক্ষা নীতির আলোকে সেনাবাহিনীর পুনর্গঠন পরিকল্পনা এবং ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস এ পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে উঠবে।’’
রাষ্ট্রপতি সোমবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বাংলাদেশ সেনাবাহিনীর ‘জেনারেলস কনফারেন্সে’ ভাষণকালে এ কথা বলেন।
সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন। এতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও সেনাবাহিনীর সকল লেফটেনেন্ট জেনারেল ও মেজর জেনারেলরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি উর্ধ্বতন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা। যথাযথভাবে চেইন অব কমান্ড বজায় রেখে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন একান্ত অপরিহার্য।”
“প্রতিটি সেনানিবাসসহ অভ্যন্তরীণ শৃংখলা রক্ষা ও সেনাবাহিনীর উন্নয়নের দায়িত্ব আপনাদের উপর ন্যস্ত”-এ কথা উল্লেখ করে তিনি বলেন, “ আপনারা একজন সাধারণ সৈনিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি পর্যায়ে সতর্ক দৃষ্টি রাখবেন।” সূত্র: বাসস