দুর্ঘটনা নয় নাশকতা: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১২, ১২:৫৫
সাভার: স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর আশুলিয়ার তাজরিন গার্মেন্টসে আগুনের ঘটনা সম্পর্কে বলেছেন, “এটি কোনো দুর্ঘটনা নয়, নাশকতা।”
মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের আগুনে পোড়া গার্মেন্টস ‘তাজরিন ফ্যাশনস লিমিটেড’ পরিদর্শন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।”
এ সময় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে ভোর সাড়ে ৪টায় মালয়েশিয়া থেকে দেশে ফেরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তৈরি পোশাক কারখানা ‘তাজরিন ফ্যাশনস লিমিটেডে’ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করে। কিন্তু মধ্যরাতে আবার আগুন ছড়িয়ে পড়ে। পরে রোববার ফায়ার সার্ভিসের কর্মীরা ১১১ জনের মৃতদেহ উদ্ধারের কথা জানায়।