ইয়েমেনে সৌদি কূটনীতিককে গুলি করে হত্যা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ১৫:৫৩
ইয়েমেনের রাজধানী সানায় এক সৌদি কুটনীতিক ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দেশটির নিরাপত্তা বিভাগ সূত্র একথা জানায়। সানার দক্ষিণাঞ্চলীয় জেলা হাদায় ওই কুটনীতিক হামলার শিকার হন। বেশিরভাগ দূতাবাস এবং কুটনীতিক আবাস এই এলাকাতেই অবস্থিত। কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে আল কায়েদার অন্যতম ঘাটি হয়ে উঠেছে এই দেশটি। তাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব ইয়েমেন সরকারকে সহযোগিতা করে আসছে। কিন্তু সৌদি আরব থেকে আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত অগণিত জিহাদি ইয়েমেনে প্রবেশ করে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। ইয়েমেনে আল-কায়েদার সৌদি জঙ্গিরাই সবচে দুর্ধর্ষ বলে ইয়েমেনি নিরাপত্তা বাহিনী উল্লেখ করেছে। খবর বিবিসির ও রয়টার্সের।
সূত্র জানায়, গতকাল হামলাকারী জঙ্গি নিরাপত্তা বাহিনীর পোশাক পরে ওই কুটনীতিকের গাড়ির নিকট যায়। এরপর আকস্মিকভাবে গাড়ির জানালা দিয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র গিয়ে গুলিবর্ষণ শুরু করে। গুলির তোড়ে গাড়িটি শুন্যে উঠে গিয়ে ডিগবাজি খায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ ওই কুটনীতিক ও তার দেহরক্ষী নিহত হন। হতভাগ্য কুটনীতিক ছিলেন সৌদি দূতাবাসে এসিস্ট্যান্ট মিলিটারি অ্যাটাশে। প্রসঙ্গত: এবছরের প্রথম দিকে ইয়েমেনে সৌদি আরবের ডেপুটি কনসালকে আল-কায়েদা অপহরণ করে। তিনি এখনও জঙ্গিদের হাতে বন্দি আছেন।