স্পোর্টস রিপোর্টার
দুই দিন বিরতির পর আজ আবার শুরু হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। দেশের মাটিতে প্রস্তুতির এটিই শেষ ভাগ। এই ভাগে মাত্র দুই দিন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করবেন ক্রিকেটাররা। বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পাওয়া ১৭ ক্রিকেটারের মধ্যে শুধু সাকিব আল হাসানকেই ক্যাম্পে পাওয়া যাবে না। আইপিএলে ব্যস্ত সাকিব সরাসরি আয়ারল্যান্ডে দলের সঙ্গে যোগ দিবেন।
অনুশীলন সূচি অনুযায়ী দুই দিন কঠোর পরিশ্রম হবে ক্যাম্পে। অনুশীলনের সময়সূচিও বেশ লম্বা সময়ের। আজ সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে অনুশীলন চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। আগামীকাল প্রস্তুতির শেষ দিনে অনুশীলন শুরু হবে সকাল ৯টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। গত ২২ এপ্রিল শুরু হয়েছিল বিশ্বকাপের ক্যাম্প। টানা চারদিন ক্যাম্পে ছিলেন মাত্র পাঁচ ক্রিকেটার। বাকিরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলায় ব্যস্ত ছিলেন। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল টানা খেলার ধকল সামলানোর জন্য। আজ থেকে সবাই পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়ছেন। অবশ্য গতকাল মিরপুরে বিসিবি একাডেমির জিমে ঘাম ঝরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাইফউদ্দিন।
দুই দিনের প্রস্তুতিকে অবলম্বন করেই ১ মে আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে মাশরাফি বিন মুর্তজার দল।