রাবিতে কর্মচারীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ১৫:৫৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আখেরুজ্জামান তাকিমের ওপর হামলাকারীদের চেনেন এই সন্দেহে স্টুয়ার্ড শাখার এক কর্মচারীকে পিটিয়ে জখম করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ঐ কর্মচারীর নাম সোহেল রানা। সে বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে স্টুয়ার্ড শাখায় (প্রহরী) কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার বিকালে ছাত্রলীগের ১৫/২০ নেতা-কর্মী ঐ কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়া থেকে ধরে ইবলিশ চত্বরে নিয়ে আসে। সেখানে তারা ঐ কর্মচারীকে মারধর করে। পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
গত ২১ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ও খালেদা জিয়া হলের মাঝামাঝি স্থানে আখেরুজ্জামান তাকিমকে অজ্ঞাত সন্ত্রাসীরা হাত ও পায়ের রগ কেটে দেয়। ছাত্রলীগের দাবি, ঐ সময় ঐ কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন এবং হামলাকারীদের তিনি চেনেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক বলেন, ছাত্রলীগ নেতা তাকিমের উপর হামলাকারীদের চেনেন কি-না এ বিষয়ে ঐ কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।