মির্জাপুরে ব্যাংকে টাকা তুলতে গিয়ে প্রবাসী যুবক নিখোঁজ

মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করার পরও নিখোঁজ শাকিল হোসেনকে (২৩) ১০ দিন পরও পুলিশ উদ্ধার করতে পারেনি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের সিংগাপুর প্রবাসী ওই যুবক গত সোমবার মির্জাপুর শহরের পুরাতন বাস স্টেশনের ডাচ বাংলা ব্যাংকে টাকা তুলতে এসে অপহরণের শিকার হন বলে তার পরিবারের অভিযোগ। গত ২০ নভেম্বর শাকিলের সিংগাপুর যাওয়ার কথা ছিল এবং বিমানের টিকেটও কাটা হয়েছিল। শাকিলের পরিবারের অভিযোগ, মোটা অংকের টাকা নিয়ে অপহরণকারীরা তাকে গুম বা হত্যা করেছে। গতকাল বুধবার কেশবপুর গ্রামে গেলে শাকিলের বাবা জালাল উদ্দিন জানান, শাকিল দীর্ঘ দিন ধরে ভালো বেতনে সিংগাপুরে চাকরি করে আসছে। দুই মাস আগে সে দুই মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিল। গত মঙ্গলবার সিংগাপুরে যাওয়ার কথা ছিল। বাড়িতে টাকার প্রয়োজন থাকায় সে যাওয়ার আগের দিন মির্জাপুর শহরের ডাচ বাংলা ব্যাংকে টাকা তুলতে যায়। এর পর সে আর ফিরে আসেনি। সেই থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মির্জাপুর থানায় অপহরণের মামলা করা হয়েছে। কিন্ত পুলিশ আজ পর্যন্ত তার হদিস করতে পারেনি। মির্জাপুর থানার ডিউটি অফিসার জানান, শাকিল অপহরণের ব্যাপারে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তাকে দ্রুত উদ্ধারের জন্য পুলিশ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মির্জাপুর শহরের ডাচ বাংলা ব্যাংক এলাকা একটি ক্রাইম জোনে পরিণত হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র এখানে বেশ তৎপর রয়েছে। এর আগে ৭ নম্বর ওয়ার্শি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহেল শাফী, মাসুদুর রহমান নামের এক স্কুল শিক্ষকসহ এ পর্যন্ত ৬-৭ জন এ ভাবেই অপহরণের শিকার হয়েছেন মির্জাপুর ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তোলার পর। পরে মোটা অংকের টাকা দিয়ে মুক্তি পেতে হয়েছে তাদের।