দামেস্কে জোড়া আত্মঘাতী গাড়িবোমায় নিহত ৫৪
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ১৫:৫৩
সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে জারামানা এলাকায় গতকাল বুধবার দুই দফা আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৪ জন নিহত এবং শতাধিক লোক মারাত্মকভাবে আহত হয়েছে। হামলাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়। হামলার পর এলাকার আতঙ্কিত লোকজন প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। বিপুল এলাকায় আগুণ ধরে পুড়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। খবর এএফপি ও বিবিসির।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িবোমা হামলার পর বিশাল এলাকা রক্তে ভেসে যায়। এখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় মানুষের ছিন্নভিন্ন দেহ ও অঙ্গপ্রত্যঙ্গ। ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার পর ব্যাগে করে বোমা হামলার শিকার হওয়া মানুষদের দেহাবশেষ সংগ্রহ করা হয়। এ হামলার ঘটনায় সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। এর আগে বুধবার সকালে জারামানায় সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সানা জানায়, শহরের প্রধান চত্বরে বিপুল পরিমাণ বিস্ফোরকভর্তি দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ ঘটনায় ২৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।