গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি
বেতাগীতে কলেজ ছাত্রকে হাতুড়ি দিয়ে পেটালেন আওয়ামী লীগ নেতা
বেতাগী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ১৫:৫৩
বেতাগীতে মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তার ছেলে মঙ্গলবার এক কলেজছাত্রকে বাড়িতে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে । আহত ছাত্রকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুণা গ্রামের আঃ মন্নান হাওলাদারের ছেলে ঢাকার শ্যামলী পলি টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র রাজিব হাওলাদারকে ( ১৭) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মৃধা ও তার ছেলে শাওন মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দাওয়াতের কথা বলে তাদের বাড়িতে ডেকে নেয়। এ সময় শাওন ও তার সহযোগী জসিম আকন, শাহীন মৃধা ও মোশারেফ আকন তাকে হাতুড়ি দিয়ে পেটায়। এতে তার শরীর রক্তাক্ত এবং মুখমন্ডল ও ডান হাত-পা থেঁতলে যায়। পরে ঘরে চোর ঢুকেছে বলে আওয়ামী লীগ সভাপতি রাত বারটায় বেতাগী থানায় খবর দিলে পুলিশ এসে রাজিবের অবস্থা বেগতিক দেখে রাতেই বেতাগী হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশংকাজনক । এ ব্যাপারে মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবুল মৃধা বলেন, আমি তাকে বাড়িতে ডেকে আনেনি। শত্রুতার কারণে আমাকে খুন করার উদ্দেশ্যে রাজিব রাতে ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে। তা দেখার পর পুলিশে খবর দেই।