স্পোর্টস রিপোর্টার
নিরাপত্তার ইস্যুতে পাকিস্তানের মাটিতে সিরিজ বাতিল হওয়ার অসংখ্য নজির খুঁজলে পাওয়া যাবে। তবে, বিদেশের মাটিতে পাকিস্তানের কোনো সফর একই কারণে স্থগিত হওয়ার খুব বেশি নজির নেই। এবার তেমনই একটা নজির পাওয়া গেল। সেটাও আবার সেই শ্রীলঙ্কার মাটিতে যাদেরকে নিজেদের মাটিতে এবার টেস্ট খেলার আমন্ত্রণ দেওয়ার কথা ভাবছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাবার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু, সম্প্রতি ইস্টার সানডেতে দ্বীপ দেশটিতে গীর্জা ও হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলা সংগঠিত হয়। এমন পরিস্থিতিতে দেশটিকে এখন খোদ শ্রীলঙ্কা ক্রিকেটই (এসএলসি) বিদেশি কোনো দলকে আতিথেয়তার জন্য নিরাপদ বলে মনে করছেন না।
শ্রীলঙ্কা সফরে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচের সূচি ছিল পাকিস্তানের। ম্যাচগুলোর ভেন্যু ছিল গল ও হাম্বানটোটা। এজন্য ৩০ এপ্রিল কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল পাকিস্তানের। তবে, এখন আর এর কিছুই হচ্ছে না।
ফলে পাকিস্তানের যুবাদের শ্রীলঙ্কা সফর পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছে। ওই হামলায় প্রায় সাড়ে ৩০০ মানুষ নিহত হয়। এখনো সন্ত্রাসীদের হামলা অব্যাহত রয়েছে। এমনকি দুদিন আগেও শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কালমুনাইয়ে এ ঘটনা ঘটে। শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।
দেশের এই ভয়াবহ অবস্থায় কোনো ক্রিকেট ম্যাচ আয়োজনের পক্ষে নয় শ্রীলঙ্কা বোর্ড। ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে এসএলসি জানায়, ‘অনির্দিষ্টকালের জন্য সফর স্থগিত করা হয়েছে। এসএলসি সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমরা খেলার কোনো সুযোগ আপাতত তৈরি করতে পারছি না।