তত্ত্বাবধায়ক সরালে আপনার জীবন অবসানও হতে পারে
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ১৬:৪৭
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এই সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেও নামতে পারবেন না। এতে আপনার জীবন অবসান পর্যন্ত হতে পারে। গতকাল বুধবার পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় তিনি একথা বলেন। মঞ্চের সামনে বসা জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মুহুর্মুহু করতালির মধ্যে তিনি প্রধানমন্ত্রীর প্রতি এই প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, তাই বলছি, এখনো সময় আছে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মজিবুর বলেন, অন্যায়ভাবে জামায়াত-শিবিরকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না। প্রতিনিয়ত পুলিশ আমাদের ওপর চড়াও হচ্ছে, আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, পুলিশকে বাদ দিয়ে মাঠে আসুন, দেখা যাবে কে জিতে। জনসভায় জামায়াতের কর্মপরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, প্রচার সম্পাদক তাসনীম আলম, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।