বরগুনায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

বরগুনার তালতলী উপজেলার গাবতলী গ্রামের ধানক্ষেত থেকে বুধবার সকালে পরীভানু (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। তাকে ধর্ষণশেষে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী ইব্রাহীম, তার সহযোগী আব্দুস সালাম ও রহমানকে আটক করেছে পুলিশ। জানা গেছে, নিহত পরিভানুর স্বামী ইব্রাহীম পেশায় একজন টমটম চালক। চার বছর পূর্বে সে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী পরিভানুকে তালাক দেয়। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে ইব্রাহীমের বিরুদ্ধে মামলা করেন পরিভানু। গত ২৪ নভেম্বর সকালে পার্শ্ববর্তী গ্রামের আব্দুস সালাম পানের বরজে কাজ করার কথা বলে পরীভানুকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। গতকাল সকালে স্থানীয় গ্রামবাসী পরীভানুর স্বামী ইব্রাহীম ও তার সহযোগী আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করে। পরে সালামের স্বীকারোক্তি অনুযায়ী ধানক্ষেত থেকে পরিভানুর লাশ উদ্ধার করে গ্রামবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ধানক্ষেত থেকে পরিভানুর লাশ উদ্ধার করে বরগুনায় মর্গে পাঠায়। বরগুনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম আজিমুল হক জানান, নিহত গৃহবধূ পরীভানুকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। তাছাড়া আটককৃতরাও একথা স্বীকারও করেছে। এএসপি সার্কেল আরও জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।