জাতীয় বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:১৬
উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বেশ বড় ভূমিকা রাখছে বাংলাদেশে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিশ্ববিদ্যালয় কলেজগুলো অনেক সীমাবদ্ধতার মধ্যে ভালো ফল করে যাচ্ছে। স্বীকার করতেই হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত না হলে দেশের সীমিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে এত বিশালসংখক ছাত্রকে উচ্চশিক্ষিত করা সম্ভব হতো না। কিন্তুু অত্যন্ত দুঃখের বিষয়, একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অধীনে সমগ্র দেশে দুই শ’র বেশি বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিত বার্ষিক পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা বেশ কঠিন। আর সে কারণে চার বছরের স্নাতক (সম্মান) কোর্স সম্পন্ন করে ফল প্রকাশ করতে ছয় থেকে সাত বছর লেগে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব জেলা পর্যায়ে এখনই সম্ভব না হলেও অন্তত সাতটি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয় (প্রাথমিক পর্যায়ে অন্তত শুধু প্রশাসনিক দপ্তর) স্থাপন করে বিভাগওয়ারি তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়-কলেজগুলোর দায়িত্ব অর্পণ করা হোক। আশা করি এতে সেশনজট ও ফল প্রকাশে সময় ব্যয় অনেক কমবে এবং চার বছরের স্নাতক (সম্মান) কোর্স চার বছরে সম্পন্ন করা যাবে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. হাবিবুল ইসলাম,
সিডিএ আবাসিক এলাকা,
আগ্রাবাদ, চট্টগ্রাম।