সড়ক দুর্ঘটনায় পলাশবাড়ী ও সিংড়ায় ২ জন নিহত

গাইবান্ধার-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার গড়েয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বাস চাপায় দুলু মাই নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত দুলু মাই (৬০) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত বাবু শেখের স্ত্রী। পলাশবাড়ী থানার ওসি শাহ আলম জানান, সকাল ৭টার দিকে ওই স্থানে রাস্তা পারাপারের সময় দুলুমাইকে গাইবান্ধা থেকে রংপুরগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। সিংড়া সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে লেফাজ উদ্দিন (৬০) নামে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও দেড় ঘন্টা নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। গতকাল বৃহস্পতিবার সকালে সিংড়ার বালুয়া-বাসুয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লেফাজ উদ্দিন উপজেলার সাতপুকুরিয়া গ্রামের হিমুর ছেলে।