আজ বরিশালবাসীর ‘ইত্যাদি

আজ বরিশালবাসীর জন্য বিশেষ দিন। কারণ দেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানে আজকের পর্ব থাকছে বরিশালবাসীদের নিয়ে। এবারের পর্বে রয়েছে পরপর দু’বার পৃথিবীর সর্বোচ্চশৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম বাঙালি তরুন এম এ মুহিতের সাক্ষাত্কার। পশ্চিমা বিজ্ঞানীদের মতে এই গ্রহের সবচাইতে শক্তিশালী শিনকিকার বা পদাঘাতশক্তিসম্পন্ন মানুষ, সুপার হিউম্যান খ্যাত ম্যাক ইউরির উপর বিশেষ প্রতিবেদন। টেলিভিশন পর্দায় যার প্রথম উপস্থিতি ছিল এই ‘ইত্যাদি’তেই। রয়েছে ৮০ বছরের এক বৃদ্ধের বাড়ি নির্মাণের অভূতপূর্ব গল্প। কুমিল্লার নরপাটি গ্রামের মোহাম্মদ নুরুল ইসলামের সমাজসেবার উপরে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে বরিশালেরই কৃতী সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী জুয়েল আইচের জাদু। বরিশালের তারকা শিল্পী জুয়েল আইচ বলেন, ‘নিজ এলাকায় একাধিক অনুষ্ঠান করেছি। কিন্তু এলাকার ঐতিহ্য নিয়ে এই আয়োজনে অংশ নিতে সত্যিই ভালো লেগেছে।’প্রয়াত শিল্পী খালিদ হাসান মিলুর জন্মস্থান বরিশালে। মিলুর সঙ্গে তার বড় ছেলে প্রতীক হাসানকে ‘ইত্যাদি’তে উপস্থাপন করা হয়েছিল মিলুর অসুস্থ অবস্থায় তার জীবনের শেষ গানটিতে। আর সেই থেকে শিল্পী হিসেবে যাত্রা শুরু প্রতীকের। এবার প্রতীক হাসানের সঙ্গে থাকবেন আরও একজন—খালিদ হাসান মিলুরই আরেক সন্তান প্রীতম হাসান। এই পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আজ রাত ৮ টার বাংলা সংবাদের পর এবং পুনঃপ্রচার হবে ২ ডিসেম্বর রাত সাড়ে ১০টার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।